শিরোনাম

সুবহানকে শ্যোন অ্যারেস্টের আবেদন

বার্তা লাইভ ২৪ ডট কম, ঢাকা, ২৩ সেপ্টেম্বর: মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আবদুস সুবহানকে শ্যোন অ্যারেস্টের জন্য আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্টারের মাধ্যমে এই আবেদন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত গোলচত্বর এলাকা থেকে তাকে প্রথমে একটি গোয়েন্দা সংস্থা আটক করে। পরে তাকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করা হয়।

পাবনা সদর থানায় বিগত ২০০৩ সালে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আব্দুস সুবহানসহ ৩০জনকে আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলায় আব্দুস সুবহান ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়।

শনিবার ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সন্বয়ক আবদুল হান্নান শ্যোন অ্যারেস্টের আবেদন করা হবে বলে জানিয়েছিলেন।

তদন্ত সংস্থা সূত্র মতে, আবদুস সুবহানের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে এরইমধ্যে তার বিরুদ্ধে  গণহত্যা, খুন, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

তবে তদন্ত সংস্থা কর্তৃক মানবতাবিরোধী অপরাধের কথিত অভিযোগে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক।


বার্তা লাইভ ২৪ ডট কম/এমএইচ মুন্না/ইএইচ.

Share
Developed by Aaj IT