নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন

 নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্কমঙ্গলবার, ৫ মে, ২০২৬ এ ৯:৪৯ AM

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও জটিলতা পেরিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। মঙ্গলবার তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী গেজেট প্রকাশ সম্পন্ন হয়েছে।

ঘটনার শুরু গত ২১ এপ্রিল। মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর আবেদন করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করে ইসি।

একই জোট থেকে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করেন এবং গেজেট প্রকাশ স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দেন। তবে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর কোনো আদালতি বাধা না থাকায় সোমবার রাতেই গেজেট প্রকাশ করে ইসি।

জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯ জন আগেই শপথ নিয়েছিলেন। নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সর্বশেষ আসনটিও পূর্ণ হলো। তিনি এই আসনের ৫০তম সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।

শেয়ার করুন:

এবার ঈদে কোরবানি হচ্ছে না বহুল আলোচিত সেই ‘ডোনাল্ড ট্রাম্প’

এবার ঈদে কোরবানি হচ্ছে না বহুল আলোচিত সেই ‘ডোনাল্ড ট্রাম্প’
ছবি ‌‌-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক বুধবার, ২৭ মে, ২০২৬ এ ৪:৩৮ PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সেটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মহিষটিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকেল ৪টায় কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) মহিষের মালিক মনিরুজ্জামানের সাথে কথা বলেন। তিনি জানান, উচ্চ মহলের নির্দেশ থাকায় মহিষটি কোরবানি করা যাবে না এবং এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলা হয়েছে।পরবর্তীতে মহিষটিকে সেখান থেকে থানায় স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে মহিষের মালিক মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, রোজার ঈদের ১০ দিন পর তিনি মহিষটি কিনেছিলেন এবং তিন দিন আগে সেটিকে খামার থেকে বাড়িতে নিয়ে আসেন। আজ বিকেলে থানা থেকে লোকজন এসে জানায় যে সরকার মহিষটি নিয়ে নেবে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সরকারি সিদ্ধান্ত মেনে মহিষটি হস্তান্তর করেছেন। মহিষের বিনিময়ে কী দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তাদের মহিষের ন্যায্য মূল্য পরিশোধ করবে অথবা কোরবানির জন্য বিকল্প হিসেবে গরু দেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, মহিষটিকে মালিকের বাসা থেকে থানায় ফেরত আনা হয়েছে। এটি একটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় এটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মনিরুজ্জামানের ছেলে মাহির মুঠোফোনে জানান, পুলিশের নির্দেশনা অনুযায়ী তারা মহিষটি থানায় নিয়ে এসেছেন এবং বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন। সরকার এই মহিষটি নিয়ে কী করবে—এমন প্রশ্নের জবাবে মাহির বলেন, "সরকার এটি দিয়ে কী করবে তা তারাই ভালো জানে। আমাদের থানায় পৌঁছে দিতে বলা হয়েছিল, আমরা তা করেছি। বাকি সিদ্ধান্ত সরকারের।"ডোনাল্ড ট্রাম্পের মতো চুল আর চোখের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিল রাবেয়া অ্যাগ্রো ফার্মের একটি অ্যালবিনো জাতের মহিষ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার এই মহিষটির নামও দেওয়া হয়েছিল ‘ট্রাম্প’। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর তাকে আর আগের মতো দেখার সুযোগ মিলছে না দর্শনার্থীদের।

যেমনটা ঘটেছিল রিমা আক্তারের সাথে। মোবাইল স্ক্রিনে মহিষটিকে দেখে সরাসরি দেখার তীব্র আগ্রহ নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু এসে জানতে পারেন, তাঁর পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগেই মহিষটিকে সরিয়ে নেওয়া হয়েছে। অগুণতো দর্শনার্থী তাঁর মতোই এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

১২ মে প্রথম আলোতে মহিষটিকে নিয়ে খবর প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। দেশীয় সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে এটি দ্রুত আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ে। এএফপি, রয়টার্সসহ বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে জায়গা করে নেয় ভাইরাল এই ‘ডোনাল্ড ট্রাম্প’। ফলে স্থানীয় একটি ফার্মের মহিষ থেকে এটি হয়ে ওঠে বিশ্বব্যাপী আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।

শেয়ার করুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
মোসলেহ উদ্দিন আহমদ ছবি -সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক রবিবার, ১৭ মে, ২০২৬ এ ৪:২১ PM

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদকে দায়িত্ব দিয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

ডিএমপি কমিশনার হওয়ার আগে, চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান এবং ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন।

মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।

সিআইডিতে আসার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি সুদানের দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও (UNAMID) একজন পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন:
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন