শাপলা চত্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে তিনি এই দাবি তুলে ধরেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে বিচারহীনতার এই পরিস্থিতি জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হয়। ওই ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতভেদ রয়েছে এবং বিষয়টি এখনো রাজনৈতিকভাবে বিতর্কিত একটি প্রসঙ্গ।







